দৈনিক জুলাই ৩৬
কোম্পানিগুলোর কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আয়কর আইনে নতুন সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান ঋণের সুদকে ব্যয় হিসেবে দেখিয়ে করযোগ্য আয় কমালেও তিন বছরের মধ্যে সেই সুদ পরিশোধ না করলে তা আর ব্যয় হিসেবে গণ্য হবে না। বরং ওই অর্থকে প্রতিষ্ঠানের আয় হিসেবে ধরে কর আরোপ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় সুদ পরিশোধ না করেও কর সুবিধা নেওয়ার সুযোগ সীমিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে পরবর্তীতে যদি প্রতিষ্ঠানটি ওই সুদ পরিশোধ করে, তাহলে পরিশোধের বছর সেটিকে বৈধ ব্যবসায়িক ব্যয় হিসেবে দেখানোর সুযোগ থাকবে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক হিসাবমান (আইএফআরএস) অনুযায়ী ব্যয় হিসাবের সঙ্গে আয়কর আইনের সমন্বয় করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। আগে আর্থিক হিসাব ও কর হিসাবের মধ্যে পার্থক্য তৈরি হতো, যা নতুন বিধানের মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে।
ফলে ভবিষ্যতে কোনো কোম্পানি দীর্ঘ সময় সুদ বকেয়া রেখে কর সুবিধা নিতে পারবে না; নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে সেই অর্থের ওপর কর দিতে হবে।
